কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন জেকব বেথেল। আইপিএলের নিলামে সোমবার তাকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপরই ২১ বছর বয়সী ক্রিকেটার জানতে পারে বৃহস্পতিবার থেকে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হচ্ছে তার!
১৯৭৮ সালে মাইক গ্যাটিংয়ের পর প্রথমবার ইংল্যান্ডের হয়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে টেস্ট খেলতে নামছেন এমন একজন, যার প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি নেই। ২০ ম্যাচ খেলে কোনো সেঞ্চুরি নেই এখনও, ফিফটি করতে পেরেছেন ৫টি। ব্যাটিং গড় ২৫.৪৪। উইকেট নিয়েছেন মোটে ৭টি।
তার অভিষেকের সবচেয়ে চমক জাগানিয়া ব্যাপার আরেকটি। জেকব বেথেল ব্যাট করবেন তিন নম্বর পজিশনে। বিস্ময়টা এখানেই যে, প্রথম শ্রেণির ক্যারিয়ারে কখনও পাঁচ নম্বরের ওপরে ব্যাট করার অভিজ্ঞতা নেই তার।
মূলত কিপার জর্ডান কক্সের চোটের কারণেই এত কিছু করতে হচ্ছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে। নিয়মিত টেস্ট কিপার জেমি স্মিথ এই সফরে আসেননি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য। তার বদলে সুযোগ পান কক্স। কিন্তু অনুশীলনে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান তিনি। তার জায়গায় নতুন কোনো কিপারকে দলে যোগ করেনি ইংল্যান্ড। প্রথম টেস্টে তাই কিপিং করবেন অলিভার পোপ। ইংল্যান্ডের হয় তিন নম্বরে ব্যাট করে থাকেন তিনিই। তবে কিপিং করে তিনে ব্যাট করা কঠিন। তাই তাকে নামানো হচ্ছে ছয় নম্বরে। অধিনায়ক বেন স্টোকস ছয় থেকে নেমে যাচ্ছেন সাতে। বেথেলকে তাই আনা হচ্ছে তিনে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট বরাবরের মতোই থাকবে সবুজাভ। নিউজিল্যান্ড চার পেসার খেলানোর আভাস দিয়ে রেখেছে আগেই। তবে ইংল্যান্ড একাদশ সাজিয়েছে তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে- গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও ক্রিস ওকস। সঙ্গে পেস বোলিংয়ে সহায়তা করবেন অধিনায়ক স্টোকস। অফ স্পিনার শোয়েব বাশিরকেও একাদশে রাখছে তারা। প্রয়োজনে স্পিন করবেন বেথেলও।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, ওলি পোপ (উইকেটকিপার), বেন স্টোকস, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, শোয়েব বশির।