গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, জুলাই-আগস্টের আগে যে পুলিশ ছিল দুঃখের সাথে বলতে হয় সে পুলিশ একজন আরেকজনের জন্য উপকারের মধ্যে ছিল না। সেই পুলিশ জনগণের উপকার তো দূরের কথা অপরাধীদের সাথে বন্ধুত্ব করেছিল। তখন পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল। আপনারা পুলিশের অত্যাচার, অপরাধীর অত্যাচার, সহ্য করেছেন এতদিন। পুলিশের আসল যে লক্ষ্য দুষ্টের দমন, সৃষ্টের সেবন। যারা ভাল মানুষ তাদের সেবা করা জন্য এসেছি। আপনাদের সাথে নিয়ে এলাকার মাদকমুক্ত করতে চাই। এ এলাকায় কোনো মাদক থাকবে না।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে জয়দেবপুর বাসস্ট্যান্ডে অংশীজনদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্টের আগে গায়েবী মামলার মাধ্যমে মানুষকে হয়রানি করা হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি করেছে। মানুষকে হত্যা করেছে। অতিরিক্ত বল প্রয়োগ করেছে। যারা এটি করেছে তারা অপরাধ করেছে। তাদের মাধ্যমে পুলিশের ইমেজ নষ্ট হয়েছে। পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। আমরা সেখান থেকে বের করতে চাই। পুলিশ জনগণের পাশে থাকতে চাই।
মতবিনিমিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, ডিসি ক্রাইম রিয়াজ উদ্দিন আহমেদ, ডিসি ট্রাফিক ইব্রাহিম খান, বিএনপি নেতা হান্নাম মিয়া হান্নু, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, সমন্বয়ক ইসহাক টিপু, সাদেকুজ্জামান, সদর থানার ওসি আরিফুর রহমান প্রমুখ।
তিনি পরিবহন মালিকদের উদ্দেশ্যে বলেন, রাস্তার যানজট নিরসনের জন্য নিজেরা স্বেচ্ছাসেবী নিয়োগ করুন। রাস্তাঘাটে যানজট কমে আসবে। আর যানজটের কারণে যে জ্বালানি খরচ হতো তাও সাশ্রয় হবে। প্রয়োজনে যাচাই করে ট্রাফিক পুলিশের সাথে ওইসব স্বেচ্ছাসেবীদের এসবি পাশ দেওয়া হবে।
তিনি বলেন, প্রতিটি এলাকায় মাদক বিরোধী স্বেচ্ছাসেবী তৈরী করতে চাই। যাতে কোনো এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী থাকতে না পারে। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ সমস্ত অপরাধের মূলে প্রধান উপাদান হলো মাদক। তাই যেকোনা মূল্যে মাদককে নির্মূল করেত হবে।
তিনি আরও বলেন, থানায় গিয়ে জিডি বা অভিযোগ করতে গিয়ে পুলিশকে যদি পাঁচ টাকাও দিতে হয় আমাকে জানাবেন । তার চাকরি করার দরকার নেই। সে পুলিশের চাকরি করবে না এটা নিশ্চয়তা দিতে চাই, যতদিন আমি আছি। যে পুলিশ ছিনতাইকারী ও মাদকের পক্ষে অবস্থান নেবে আপনারা আমাকে জানাবেন। আমি ছিনতাকারী ও মাদক পুলিশ বানিয়ে ছাড়বে। তাই পুলিশকে ভাল হতে হবে। পুলিশকে ভাল করার মধ্যমে সমাজকে ভাল করতে চাই।