রাজধানীর গুলশানে দিনেদুপুরে আইয়ুব খান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে তারা। অপহৃত আইয়ুব খান একজন আবাসন ব্যবসায়ী।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এই অপহরণের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ওসি মো. তৌহিদ আহম্মেদ।
ওসি মো. তৌহিদ আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, ‘অপহরণের আগে ওই ব্যবসায়ীর গাড়িচালককে কয়েকজন ব্যক্তি জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর সেই ব্যবসায়ীকে নিয়ে তারই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এরপর থেকেই ওই গাড়িটি গুলশান, বনানীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে।
তিনি বলেন, আমরা মো. রিপন নামে একজন সন্দেহভাজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে এই অপহরণকারীরা আইয়ুব খান তুলে নিয়ে যায়। আইয়ুব খানের ব্যবসায়িক অংশীদার তানজির রহমান বলেন, ব্যক্তিগত কাজে আইয়ুব খান মঙ্গলবার দুপুরে গুলশানে আসেন। কাজ শেষে ডিসিসি মার্কেটের সামনে নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি চালককে মারধোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়।
এরপর গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে বনানীর দিকে রওনা হন তারা। তানজির বলেন, বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন আইয়ুব খানের মোবাইলে ফোন করলে দুর্বৃত্তরা ফোন ধরে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ব্যবসায়ীকে অপহরণের ঘটনার পেছনে কোন কারণ জানা গেছে কি না এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ওসি বলেন, ‘কারা কেন তাকে অপহরণ করেছে সেটা আমরা জানতে পারিনি।’