নেদারল্যান্ডসের রটারডেম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। বিশ্বের অন্যতম প্রাচীন এ উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছে।
৪০০ বছর আগের বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। গেল ১১ এপ্রিল এটি দেশে মুক্তি পায়। মুক্তির পাঁচ মাস পর সিনেমাটি এবার যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।
উৎসবে যাওয়া প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘রটারডাম ফিল্ম ফেস্টিভাল এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়, মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এই সময়ে এসে লোকাল ফর্মে কীভাবে স্ক্রিনে হাজির করলাম সেটাই ওদের আগ্রহী করেছে। আমি আনন্দিত ও সম্মানিত অনুভব করছি।’ আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘রটারডেম চলচ্চিত্র উৎসব’। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিতে নেদারল্যান্ডস যাবেন গিয়াস উদ্দিন সেলিম ও সিনেমার অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকেই।