তিন মিলিয়ন ইউরো দেবে আইএলও

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে ৩ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের আর্থিক সহায়তায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অন্যান্য স্টেকহোল্ডারের সহযোগিতায় ‘বাংলাদেশের সঙ্গে প্রতিভা অংশীদারত্ব সমর্থন’ শীর্ষক একটি তিন বছরমেয়াদি প্রকল্প (২০২৪-২৭) বাস্তবায়ন করবে। ১৯৭২ সালের ২২ জুন বাংলাদেশ আইএলওর সদস্যপদ লাভের পর আন্তর্জাতিক এ সংস্থাটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিন সম্পর্কের ধারাবাহিকতা হিসেবে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫২ বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থা, নিয়োগকর্তা এবং শ্রমিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনমুখী কর্মসংস্থানের জন্য আইএলও আর্থিক এবং প্রযুক্তিগত উভয় ধরনের সাহায্য করে আসছে।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থনৈতিক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর তুওমো পটিয়াইনেন নিজ নিজ পক্ষে প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান মিশাল ক্রেজা, ইআরডির অতিরিক্ত সচিব একেএম সোহেল প্রমুখ।