ওয়ানডে সুপার লিগের আদলে নারী ক্রিকেটের বর্ষপঞ্জিকেও একটা কাঠামোর ভেতর নিয়ে এসেছে আইসিসি, যার নাম দেওয়া হয়েছে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সিরিজগুলোকেও অংশ করে নেওয়া হয়েছে ২০২৫ সালে মেয়েদের ওয়ানডের বিশ্বকাপের বাছাইপর্বের। পয়েন্ট তালিকার শীর্ষ সাত দল এবং স্বাগতিক ভারত সরাসরি অংশ নেবে বিশ্বকাপে, বাকিদের খেলে আসতে হবে বাছাইপর্ব। সেই উইমেনস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নবম স্থানে বাংলাদেশ, আয়ারল্যান্ড দশম। দুই দলেরই চোখ বাছাইপর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জনে, যে কারণে দুদলের কাছেই আজ থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে দুই দলের ক্রিকেটাররাই বলছেন, বিশ্বকাপ অনেক দূরের পথ, তাদের চোখ বর্তমানে।
২০২৫ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে জিততে হবে আয়ারল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে, এরপর ওয়েস্ট ইন্ডিজেও আছে তিনটি ওয়ানডে। অবশ্য নিগার সুলতানা জ্যোতিদের দলটা ক্যারিবিয়ানের বিমানে চড়ার আগেই স্পষ্ট হয়ে যাবে সমীকরণ। তার আগে দেশের মাটিতে আইরিশদের সঙ্গে সিরিজে ভালো করাটা অনেক গুরুত্বপূর্ণ, জ্যোতি মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সেটাই মনে করিয়ে দিলেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুটি দ্বিপক্ষীয় সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’
অধিনায়ক ভালো করেই জানেন, দলের প্রধান সমস্যা ব্যাটিং। রান করার কাজটা বেশিরভাগ সময়েই করে উঠতে পারেন না ব্যাটাররা। সমস্যার কথা মেনে নিয়েই সমাধানের প্রচেষ্টায় জ্যোতির আশ্বাস, ‘ব্যাটিং দৃশ্যমান সমস্যা। অনেক সময় যেটা হয়, আমরা টপঅর্ডাররা রান করছি না। ফলে মিডলঅর্ডার থেকে আর সামাল দেওয়া হচ্ছে না। আধুনিক ক্রিকেটে আসলে কখনো কাভার করার সুযোগ থাকে না। যেটা চলে যায় সেটা কাভার করা যায় না। ব্যাটিংটার প্রস্তুতির জন্য আমি বলব যে, আমরা কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে কম-বেশি দল বাছাইয়ের দিকে মনোযোগ ছিল। যে কারণে প্রতিটা ক্রিকেটার নিজের জায়গা থেকে সেরাটা খেলার চেষ্টা করেছে। ওইভাবেই দল ঠিক করা হয়েছে। লম্বা সময় পর ওয়ানডে খেলা। ঘরের মাঠের কন্ডিশনে আমাদের যেসব ক্রিকেটাররা ধারাবাহিক রান করে, তারা সেসব (প্রস্তুতি) ম্যাচগুলোয় ভালো খেলেছে। তাই আমি দল নিয়ে আত্মবিশ্বাসী।’
আয়ারল্যান্ড দলের সহঅধিনায়ক ওরলা প্রেন্ডারগাস্ট শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ায় বিগব্যাশ লিগ খেলে এসে। সেখানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৯ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ সম্পর্কে তার ধারণা, ‘গত এক দুই বছরে যা দেখেছি, ওদের বিপক্ষে খেলতে গেলে অনেক বেশি স্পিন বল খেলতে হয়। আমাদের প্রস্তুতির মূল জায়গা জুড়েই ছিল স্পিন বোলিং সামলানো। ওদের এক-দুইজন সিমার আছে, তারাও ভালো। তবে সত্যি বলতে প্রতিপক্ষকে নিয়ে গবেষণার চেয়ে নিজেদের প্রস্তুতির দিকেই আমাদের নজর ছিল বেশি। আমরা দল হিসেবে বেশ ভালো করছি। এই গ্রীষ্মের শেষেই ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারিয়েছি। বাংলাদেশ এবং আমরা (আয়ারল্যান্ড নারী দল) প্রায় একসঙ্গেই বেড়ে উঠেছি, ওদের অনেককেই আমরা চিনি। তবে আমাদের মনোযোগ নিজেদের খেলাতেই থাকবে।’
সকাল ১০টায় মাঠে গড়াবে তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের সবগুলো ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টসে, টিভিতে এবং ইউটিউব চ্যানেলে।