চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে “বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চে” এর মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে একদল শিক্ষার্থী। এ সময় তারা গায়েবানা জানাজা আয়োজন করে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ জানাজার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে রাত নয়টার দিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’,‘ইসকন সনাতন এক নয় এক নয়’,‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’,‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’,‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’,‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।