ক্রসিংয়ে রেলের অরক্ষিত মালামাল আহত সংবাদকর্মী

রাজধানীর খিলগাঁওয়ে রেলক্রসিংয়ের পাশে অনিরাপদভাবে রাখা মালামাল পড়ে গুরুতর আহত হয়েছেন দেশ রূপান্তরের সংবাদকর্মী এস এম মঞ্জুরুল আলম ফারুক। গুলবাগে খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেলক্রসিংয়ে গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলবাগ এলাকায় রেলক্রসিংয়ের সামনে রেলপথের কাজের মালামাল ছিল। কিন্তু সেখানে অরক্ষিতভাবে মালামাল রেখে চলছিল কাজ। ঘটনার দিন রেলক্রসিং পার হওয়ার সময় রেলপথের লোহার পাত হঠাৎ স্ল্যাব থেকে পড়ে যায় ফারুকের পায়ের ওপর। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে আহত মঞ্জুরুল আলম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘গুরুতর আহত হয়ে বাসায় শয্যাশায়ী আছি। ভালোভাবে নিজে চলাফেরা করতে পারছি না। পরিবারের অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছি না। কবে সুস্থ হয়ে চলাফেরা করতে পারব সেটিও বলতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘ওই রেলক্রসিংয়ের সামনে কাজ করার সময় কোনোরকম নিরাপত্তাবেষ্টনী দেয়নি। মূলত তাদের অবহেলার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এ ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না রেলওয়ে কর্র্তৃপক্ষ।’