৪ বছর আগের পাওনা বকেয়া

দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ-অবস্থান কর্মসূচি অব্যাহত

শিল্পাঞ্চল আশুলিয়ায় ৪ বছর আগে বন্ধ হওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা পাওনা টাকা আদায়ে দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ।

বুধবার সকাল থেকে ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা দ্বিতীয় দিনের মত এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে করোনা মহামারীর দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, অন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

শিল্প পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ সময় চেয়ে দফায় দফায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

দ্বিতীয় দিনের মত সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করায় যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

লেনী অ্যাপারেলস লিমিটেড এর শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা । ‌দাবি আদায়ের আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।‘

আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে। এ ছাড়া শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।‘