অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। ফুলার লেংথ ডেলিভারিতে শামার জোসেফকে বোল্ড করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটার কেমার রোচকে আউট করে গড়েন আরেক কীর্তি। মেহেদী হাসান মিরাজের দারুণ ক্যাচে রোচকে আউট করে ক্যারিয়ারে প্রথমবার ৬ উইকেট শিকার করেন তাসকিন।
এই পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। ম্যাচে ৬৪ রানে ৬ উইকেট নেওয়ার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছেন তাসকিন।
বাংলাদেশি বোলারদের মধ্যে র্যাংকিংয়ে সবার উপরে রয়েছেন তাইজুল ইসলাম। তবে অ্যান্টিগা টেস্টে ভালো করতে না পারায় ৫ ধাপ পিছিয়ে এখন তিনি ২৩তম স্থানে। এক ধাপ পিছিয়েছেন মেহেদী হাসান মিরাজও। একইভাবে অবনতি হয়েছে নাঈম হাসান এবং হাসান মাহমুদের।
অভিষেক টেস্ট থেকেই আলোচনায় থাকা জাকের আলী অনিক অ্যান্টিগা টেস্টেও ছন্দ ধরে রেখেছেন। প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রান করা এই ডানহাতি ব্যাটার টেস্ট র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে পৌঁছেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৩৬৪।
জাকেরের ঠিক নিচে অবস্থান করছেন মাহমুদুল হাসান জয়, যিনি ৪ ধাপ পিছিয়েছেন। তবে প্রথম টেস্ট শেষে এক ধাপ করে এগিয়েছেন মুমিনুল হক, লিটন দাস এবং মিরাজ। অন্যদিকে, ইনজুরির কারণে সিরিজে অনুপস্থিত নাজমুল হোসেন শান্ত তিন ধাপ পিছিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও। অ্যালিক অ্যাথানাজ ১৮ ধাপ এগিয়েছেন, আর মিকাইল লুইস সেঞ্চুরি না পেলেও ২৫ ধাপ উন্নতি করেছেন। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন জাস্টিন গ্রিভস, যিনি সেঞ্চুরির সুবাদে ৪৩ ধাপ এগিয়েছেন।
পেসারদের মধ্যে জেইডেন সিলস, কেমার রোচ এবং আলজারি জোসেফের র্যাংকিংও উন্নতি হয়েছে।