আইসিসির ক্রিকেট বিধির ৩৫ ধারায় হিট উইকেট সম্পর্কে বলা হয়েছে- সাধারণত ব্যাটসম্যান বল খেলার চেষ্টা করার সময় বা শট মারতে গিয়ে নিজের ব্যাট, পা বা শরীরের অন্য কোনো অংশ দিয়ে যদি স্টাম্প ভেঙে ফেলেন।
মঙ্গলবার কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগের খেলায় ঢাকা মেট্রোর ব্যাটসম্যান তাহজিবুলও আউট হয়েছেন হিট উইকেট হয়ে। তবে রংপুরের ফাস্ট বোলার মেহেদী হাসানের বলে তার আউট হওয়ার ধরণটি ছিল অন্যরকম। মেহেদী তিন স্লিপ নিয়ে ক্যাচের আশায় একটু সামনে বল করেছিলেন। বাহাতি তাহজিবুলও জোরের ওপর ড্রাইভ খেলেন। কিন্তু বল ব্যাটের বাইরের দিকে লাগায় কানা ভেঙে যায়।
আর সেই ভাঙা অংশ গিয়ে লাগে স্টাম্পে। বেলস পড়ায় তাহজিবুল কিংবর্তব্যবিমুঢ় হয়ে ক্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। রংপুরের ফিল্ডাররা এসে ব্যাটের সেই ভাঙা অংশ হাতে তুলে দেন তাহজিবুল। ভাঙা ব্যাট নিয়ে মাথা নাড়তে নাড়তে বেরে হয়ে যান মাঠ থেকে।
মেহেদী হাসান শুধু ব্যাটই ভাঙেননি, তছনছ করে দেন মেট্রোর দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৪৭৫ রান করা মেট্রো গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে। মেহেদী ১৪ ওভার বল করে ২৫ রানে নেন ৭ উইকেট।