চট্টগ্রামের মীরসরাই উপজেলার অলিনগর সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার সময় আশীষ পুরোহিত (৬৫) নামে এক পুরোহিতকে আটক করেছে বিজিবি। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। ফেনী বিজিবি ৪ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটক আশীষ পুরোহিত চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি কলকাতার ঢাকুরিয়া এলাকার ১৬ নস্কর পাড়া লেনের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজেপির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।