আইইবির নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনায় বাঁধা নেই

পেশাজীবী প্রকৌশলীদের মর্যাদাপূর্ণ একমাত্র প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর নবগঠিত নির্বাহী কমিটির কার্যক্রম পরিচালনায় ঢাকার একটি আদালত নিষেধাজ্ঞা জারির দুই দিনের মাথায় সেটি স্থগিত করেছে। ফলে আইইবির বর্তমান কমিটির কার্যক্রম চালাতে এখন আর কোনো বাঁধা নেই।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর আইইবির নির্বাহী কমিটিতে একক কর্তৃত্বে থাকা দলটির নেতারা গা ঢাকা দিলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় সংকট তৈরি হয়। সংকট কাটাতে গত ২৪ অক্টোবর রাতে রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। এতে রিয়াজুল ইসলাম (রিজু) প্রেসিডেন্ট এবং সম্মানী সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাব্বির মোস্তফা খান।

ওই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ নভেম্বর ঢাকার ৪র্থ সিনিয়র সহকারী জজ আদালতে যান আইইবির আওয়ামী লীগ পন্থী সাবেক কয়েকজন নেতা। তাদের আবেদনের প্রেক্ষিতে নবগঠিত নির্বাহী কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত।

আজ বুধবার ওই আদেশের বিরুদ্ধে এক আপিল আবেদনের প্রেক্ষিতে আগের আদেশকে স্থগিত করে একই আদালত আইইবির কার্যক্রম চলমান রাখার আদেশ দেন।

নতুন এই কমিটির মাধ্যমে দীর্ঘ প্রায় এক যুগ ধরে আওয়ামী লীগের কুক্ষিগত করে রাখা পেশাদার প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠানটি তার স্বকীয়তা ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।