২৯ নভেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে আমেরিকান অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল। মোয়ানা চরিত্রে কে সবচেয়ে মানানসই হবেন এমন প্রশ্ন বরাবরই ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুভিটির টেকনিক্যাল ডিরেক্টর নরম্যান জোসেফ আলিয়া ভাটের নাম প্রস্তাব করছেন। তিনি বলছেন, ভারতীয় সংস্করণে মোয়ানা চরিত্রে আলিয়া ভাট এবং মাউইয়ের চরিত্রে বরুণ ধাওয়ান যথাযথ হবেন।
নিউজ এইটটিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিজনি ফিল্মের ভারতীয় সংস্করণের নাম বিবেচনা করার সময় বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে, কারণ মাউই-ই মোয়ানার চেয়ে বড়। বলিউডে অনেক মেধাবী শিল্পী রয়েছেন।
মোয়ানা চরিত্রে আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানকে মাউইয়ের চরিত্রে কল্পনা করতে পারেন কি না সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে নরম্যান সম্মতি দিয়ে বলেন, ‘আমার ধারণা তাই, হ্যাঁ, এটি একটি ভালো ও পছন্দসই বিষয় হবে।’ আউলি ক্রাভালহো এবং ডোয়াইন জনসন মোয়ানা ২-এ মোয়ানা এবং মাউই-এর কণ্ঠে ফিরে আসছেন। মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্মটি পরিচালনা করেছেন ডেভিড ডেরিক জুনিয়র, জেসন হ্যান্ড এবং ডানা লেডক্স মিলার।
আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান বলিউডে ব্যস্ত সময় পার করছেন। আলিয়া তার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ফিল্ম আলফা এবং সঞ্জয় লীলা বানসালির ম্যাগনাম অপাস লাভ অ্যান্ড ওয়ার-এর শুটিং করছেন। অন্যদিকে বরুণ বেবি জনের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আলিয়া এবং বরুণ বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সঙ্গে তাদের একসঙ্গে আত্মপ্রকাশ করার পর, তারা হাম্পটি শর্মা কি দুলহানিয়া এবং বদ্রিনাথ কি দুলহানিয়াতে একে অপরের বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন। আলিয়া এবং বরুণের রসায়ন ভক্তদের কাছে বেশ প্রশংসনীয় এবং এই দুজনকে দর্শকেরা পর্দায় একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন।