রেকর্ড গড়া জয়

রোদ ঝলমলে মিরপুর মেতে উঠেছিল রেকর্ড উৎসবে। যার মঞ্চটা তৈরি করেছিলেন ব্যাটাররা। পরে বোলাররাও তাতে তাল মেলান। ব্যাট হাতে শারমিন আক্তার সুপ্তার দাপুটে ইনিংসের পর বাংলাদেশি বোলারদের তোপে ধস নামে আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডারে। তাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ পেয়েছে একতরফা জয়। ১৫৪ রানের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। রানের ব্যবধানে যা বাংলাদেশের নারী ক্রিকেটে সবচেয়ে বড় জয়।

শারমিন আক্তারের ৯৬ ও ফারজানা হকের ৬১ রানের কল্যাণে বাংলাদেশ ৪ উইকেটে ২৫২ রান তুলে। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। জবাবে ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।   

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক প্রথম উইকেট জুটিতে ১১২ বলে যোগ করেন ৫৯ রান। যদিও মুর্শিদা সুযোগ পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৬১ বলে ৩৮ রান করে ফিরে যান। 

এর পরের গল্পটা শারমিন আক্তারের। ১৬ মাস পর ওয়ানডেতে ফিরে দলের ইনিংসের হাল ধরেন তিনি। মাত্র ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শারমিন, যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম। তাকে দারুণ সঙ্গ দেন ফারজানা হক। দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৫ বলে যোগ করেন ১০৪ রান। 

সেঞ্চুরির সুবাস পেয়েও হতাশায় ফিরতে হয় শারমিনকে। ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রান করে আউট হন তিনি। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৮ বলে ২৮ রান ও স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশ পৌঁছে যায় রেকর্ড ২৫২ রানে।

বড় রান তাড়ায় নেমে আয়ারল্যান্ড শুরুতেই পড়ে চাপে। মারুফা আক্তারের প্রথম স্পেলেই ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় সফরকারীরা। এর মধ্যে ভালো খেলছিলেন সারা ফোর্বস। তবে দলের বিপদ কাটাতে পারেননি তিনিও। 

ইনিংসের ১৩তম ওভারে ১৯ রান করা ওরলা প্রেন্ডারগাস্ট নাহিদা আক্তারের বলে আউট হন। আর ১৮তম ওভারে রান আউট হয়ে ২৫ রান করা সারা ফোর্বসও ফিরলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আয়ারল্যান্ড। শেষ ৫ উইকেট মাত্র ৩৭ রানে হারিয়ে ২৮.৫ ওভারেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার নেন তিনটি করে উইকেট। মারুফা আক্তার শিকার করেন দুই উইকেট। 

বাংলাদেশ নারী দলের আগের সর্বোচ্চ রান ছিল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ২৫০। সেই ম্যাচেই প্রোটিয়াদের ১১৯ রানে হারিয়ে সবচেয়ে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে আরও বড় জয় তুলে নিয়েছে নিগাররা।

এদিকে রেকর্ডগড়া সংগ্রহ পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে সুলতানা খাতুন জানালেন এখানে ২৭০ করা যেত। তবে তারা এগোচ্ছিলেন ৩০০ রান ছোঁয়ার লক্ষ্য নিয়ে, ‘ব্যাটারদের ভালো পারফরম্যান্সের কারণে বড় পুঁজি পাওয়ায় বোলিংটা সহজ হয়ে গিয়েছিল। আমরা উইকেটের বাইরে বল না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। উইকেটে বল বেশি রাখতে পারায় আমরা সাফল্য পেয়েছি।’

ওয়ানডে সুপার লিগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। এই ম্যাচ জিতে একটু এগিয়ে গেছে তারা। যদি আইরিশদের হোয়াইটওয়াশ করতে পারেন, তবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবেন জ্যোতিরা। ২১ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করবেন তারা। সেক্ষেত্রে কপাল পুড়বে নিউজিল্যান্ডের। ২০ পয়েন্ট থাকায় তারা নেমে যাবে ৭ নম্বরে। খেলতে হবে বাছাইপর্বে।’

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৫২/৪

(শারমিন ৯৬, ফারজানা ৬১, মুর্শিদা ৩৮,

নিগার ২৮; সারগেন্ট ২/৫১)। 

আয়ারল্যান্ড : ২৮.৫ ওভারে ৯৮

(ফোর্বস ২৫, ডিলানি ২২; সুলতানা ৩/২৩,

মারুফা ২/১৮, নাহিদা ৩/২৩)। 

ফল : বাংলাদেশ ১৫৪ রানে জয়ী।