স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়। আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জামিনের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গত বছরের ১৩ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় চট্টগ্রামের একটি আদালত। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। একপর্যায়ে মিতুর বাবা পুলিশের সাবেক পরিদর্শক মোশারফ হোসেন এ হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততার অভিযোগ তুললে ২০১৭ সালের ২৪ জুন রাতে তাকে ঢাকার বনশ্রীর শ্বশুরবাড়ি থেকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ২০২১ সালের ১০ মে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর মিতু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বাবুল আক্তারকে।