রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণোসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে, তবে বিচারপ্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান, তার জন্য সুপ্রীম কোর্ট নজর রাখছে এবং নিশ্চিত করছে যে, এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচারসেবা চালু থাকবে।
প্রধান বিচারপতি বিজ্ঞপ্তিতে আরও বলেছেন, আদালতসমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সেজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
রায় পরার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে এ ঘটনা ঘটে।