রাজধানী ঢাকায় অন্যান্য সবজির সঙ্গে কমে এসেছে মরিচের দাম। মাত্র মাস খানেক আগেই দেশের বিভিন্নস্থানে মরিচ ৪০০- ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, এমন খবর পাওয়া যায়। তবে সেই মরিচ এখন মাত্র ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল সন্ধ্যার পরে রাজধানীর কারওয়ান বাজারে দুই ধরনের মরিচ বিক্রি হচ্ছিল। আমদানি করা ও দেশীয় এই দুই ধরনের একটি ৬০ টাকা কেজি অন্য ধরনের মরিচের দাম ৮০ টাকা কেজি ছিল।
এ বিষয়ে বিক্রেতা নূর বলেন, এখন কাঁচা মরিচের দাম কম। গত দুই দিন ধরে ৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। আজকে ৬০ টাকা কেজিতে বিক্রি করছি। মরিচের এখন এমনই দাম।
গরম, বন্যা বা অতিবৃষ্টির কারণে গত তিন-চার মাসে বাজারে বেশ কয়েকবার কাঁচা মরিচের দাম ওঠানামা করেছে। তবে বেশির ভাগ সময় ১৫০-২০০ টাকার মধ্যে মরিচ বিক্রি হয়েছে। অক্টোবরের শুরুতে ও সেপ্টেম্বরের শেষে ১৮০-২২০ টাকা দরে মরিচ বিক্রি হয়েছে। এরপর ক্রমাগত দাম বাড়তে থাকে। অক্টোবরের প্রথম সপ্তাহেই বাজারে কাঁচামরিচের দাম বেড়ে ৫০০ টাকায় পৌঁছায়।
কাঁচা মরিচের দাম কমে যাওয়ায় ক্রেতারা খুশি। শামীম নামের একজন ক্রেতা বলছেন, কারওয়ান বাজারে কাঁচা মরিচের দাম ৬০ টাকা কেজি। যদিও পাড়া মহল্লায় মরিচের দাম আরেকটু বেশি। তবে এটা আমাদের সাধ্যের মধ্যে চলে এসেছে।
এদিকে, কারওয়ান বাজারে কাঁচা বাজারে আলু ও পেঁয়াজের দাম ছাড়া অন্যান্য সবজির দাম কমেছে। ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধা কপি ৩০-৪০ টাকা, মূলা ৩০ টাকা কেজি, বেগুন ৫০ টাকা, পটল ৫০ টাকা, শিম ৮০ টাকা, ঝিঙা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।