শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত প্রায় ৯ হাজার কেজি পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গত দুই অর্থ বছরে বিভিন্ন সময় এ পলিথিনসমূহ জব্দ করেছে শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শরীয়তপুর জেলা কার্যালয়ের সামনে দিনব্যাপী পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে হস্তান্তর করা হয়।
জেলার পরিবেশ অধিদপ্তর জানায়, গত ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে কয়েক হাজার কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। পরে চট্টগ্রামের শাহজালাল প্যাকেজিং নামে একটি প্রতিষ্ঠানের কাছে সমন্বিতভাবে ফরিদপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরের জব্দকৃত পলিথিনগুলো নিলামের মাধ্যমে ৬০ টাকা কেজি বিক্রি করা হয়।
শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, পলিথিনগুলো রিসাইকেলের মাধ্যমে পরিবেশ উপযোগী অন্যান্য প্লাস্টিক দ্রব্য তৈরী শর্তে পলিথিনগুলো কেটে ব্যবহার অনুপযোগী করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হবে। নিষিদ্ধ পলিথিন জব্দে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা ।