আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবি পূরণের জন্য কৃষি আয়কর আরোপ করেছে পাকিস্তান। এমন কর আরোপের কারণে আগামী ডিসেম্বর মাসে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান কিশান ইত্তেহাদ নামে একটি সংগঠন। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশনের।
সংগঠনের সভাপতি খালিদ মাহমুদ খোখার বলেছেন, কৃষকরা তাদের উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছে, যার ফলে কৃষি কার্যক্রম টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে উঠছে। আর এর মধ্যেই নতুন করে এই কর আরোপ কৃষকদের বিপদে ফেলেছে। তিনি এই আন্দোলনকে অরাজনৈতিক বলে দাবি করেছেন।
কৃষকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে কৃষকদের কষ্ট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষিকে উপেক্ষা করার জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, উন্নত দেশগুলো তাদের কৃষিখাত রক্ষার জন্য নানা ধরনের ভর্তুকি দেয়। অথচ পাকিস্তান খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও সেখানে কৃষকদের কোনও মূল্য দেওয়া হচ্ছে না।
সম্প্রতি গম আমদানির বিষয় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, কৃষিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সরকারের এ ধরনের পদক্ষেপের ফলে আমের উৎপাদন ৬০ শতাংশ, তিলের বীজের উৎপাদন ৭০ শতাংশ এবং গমের ফলন ২০-৩০ শতাংশ কমে যেতে পারে।
পাকিস্তানের এমডিসিএটি কমিটি সতর্ক করে বলেছে, সরকারের এমন পদক্ষেপ দেশের খাদ্য নিরাপত্তাকে আরও খারাপ করতে পারে। তাই পাকিস্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই সেক্টরে অবিলম্বে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।