ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকির অভিযোগে ৩৪ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই নারী মানসিকভাবে সুস্থ নন বলে জানায় পুলিশ। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সকাল ৯টা ১৩ মিনিটে মুম্বাইয়ের প্রধান পুলিশ কন্ট্রোল রুমে এক নারী ফোন করে জানান- মোদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য অস্ত্র প্রস্তত রয়েছে বলেও দাবি করা হয়। এই ফোন পাওয়ার পর পরই মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ ওই নারীকে আটক করে।
পুলিশ সূত্রে খবর, ওই নারী দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, অবিবাহিত এবং বাড়িতে একাই থাকেন। পাশের বাসায় থাকেন তার ছোট বোন।
পুলিশ জানিয়েছে, প্রায়ই সাহায্য চাইতে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন ওই নারী। তাকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত মনে হচ্ছিল বলেও জানান তারা।
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে।