মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিকাশ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী কুখ্যাত বিকাশ বাহিনীর ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- একই গ্রামের আক্কাস তালুকদারের ছেলে রাহাত তালুকদার (২২), আব্দুল জলিলের ছেলে মো. বায়েজিদ (২৫) ও তালেব ডাক্তারের ছেলে তরিকুল ইসলাম (২৬)। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালায় পুলিশ। ভোর ৪ টার দিকে উপজেলার বাঘড়া গ্রামের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বিকাশের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় দেশীয় তৈরী একটি একনলা বন্দুকসহ বিকাশ বাহিনীর ওই সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।