চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি তুলেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় গত ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, ‘কোনো আইনজীবী অনাকাঙ্খিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এ ঘটনা সারা বাংলাদেশের আইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।’
তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যরা সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে।’
এ আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বার কার্যনির্বাহী কমিটির অপর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।