গাজীপুরের কালিয়াকৈরে দিনভর পোশাক শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার পোশাক শ্রমিকদের মধ্যে ফের অসন্তোষের সৃষ্টি হয়।
এতে দিনব্যাপী মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন এসব সড়ক-মহাসড়কে চলাচলরত পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
এলাকাবাসী, পোশাক শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন ভাতা না দিয়ে বিগত দুই মাস ধরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামে তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। কিন্তু বকেয়া বেতন পরিশোধ না করায় ওই কারখানার শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। বৃহস্পতিবার শ্রমিকদের পূর্বের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল কারখানার কর্তৃপক্ষ। কিন্তু গত বুধবার রাতে হঠাৎ করে বেতন পরিশোধ করা সম্ভব নয় বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।
এতে ক্ষিপ্ত হন ওই কারখানার শ্রমিকরা। সকালে বকেয়া বেতন ও হাজিরা বোনাস, ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে ওই কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। এসময় ওই কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। একপর্যায়ে ওই কারখানার প্রায় চার হাজার শ্রমিক পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর দুটি মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ওই দুটি তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে আঞ্চলিক সড়কেও।
এর মধ্যে বাড়ইপাড়া-বলিয়াদি, কালিয়াকৈর-ধামরাই, চন্দ্রা-সিনাবহসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ধীরগতিসহ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অনেকেই পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যান সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত কর্মজীবী মানুষ। খবর পেয়ে সেনাবাহিনী, কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এ ঘটনায় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।
এদিকে দিনব্যাপী শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ সৃষ্ট যানজটে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এ সমস্যা সমাধানে বিকেল ৪টার দিকে সেনাবাহিনী ও কারখানা কর্তৃপক্ষ বৈঠক করে। বিকেল ৫টা পর্যন্ত ওই বৈঠকে কোনো সমাধান হয়নি। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে বিকেল ৫টার পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলেও রাত সাড়ে ৭টা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, কারখানার কর্তৃপক্ষ বার বার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তারা তা পরিশোধ করছেন না। বকেয়া বেতন না দেওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। ২৮ নভেম্বর বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও আজ দেবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নাওজোড় হাইওয়ে থানার ওসি রইজ উদ্দিন জানান, শ্রমিকদের অবরোধ বিক্ষোভের কারণে সড়ক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, শ্রমিকরা যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে। সে জন্য কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।