চাঁদার টাকা না দেওয়ায় ১৪০ গাছ কেটে সাবাড়

ফেনী সদর উপজেলায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় রোপনকৃত ১৪০ গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ নভেম্বর) সদর উপজেলার লালপোলস্থ গোবিন্দপুর গ্রামের সাহাব উদ্দিনের বাড়ির সামনের বাগানের কাছ কেটে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় সাহাব উদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। 

সরেজমিন গিয়ে দেখা গেছে, গোবিন্দপুর গ্রামের সাহাব উদ্দিনের বাড়ির সামনে ভরাটকৃত জায়গায় কাটা পড়ে আছে শতাধিক গাছ। 

এ সময় সাহাব উদ্দিন বলেন, স্থানীয় যুবদল নেতা ফখরুদ্দিনের দাবিকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় বুধবার সকালে দ্বীন মোহাম্মদ, সাইফুল, রিপন, সৌরভ ও নুর জাহানসহ অরো ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে রোপনকৃত আপেল, ডালিম, লিছু ও কলাগাছ কেটে সাবাড় করে দেয়। এ সময় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করার জন্যে এগিয়ে আসে এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমাকে মারধর করে, খুন হত্যাসহ প্রাননাশের হুমকি ধমকি দেয়।

তিনি জানান, কিছুদিন পূর্বে দ্বীন মোহাম্মদ ভুয়া কাগজপত্র দিয়ে একটি জায়গা বিক্রি করতে চাইলে জায়গার কাগজপত্র যাচাই বাছাই করে ভুয়া হওয়ায় তা না কিনার সিদ্ধান্ত নিলে তারা ক্ষিপ্ত হয়ে হুমকি ধমকি দেয়। 

চাঁদা দাবি ও গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন জেলা যুবদলের প্রচার সম্পাদক ফখরুদ্দিন ভুঁইয়া।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিফুরা বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনানস্থল পরিদর্শন করেছ। শ্রীঘই অভিযুক্তদের বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা নেওয়া হবে।