কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা। এ সময় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে কয়েকদিন ধরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করার চেষ্টা করা হয়।
হিন্দু মহাসভার সদস্যরা যখন বাংলাদেশের উপ-হাইকমিশনের কাছে পৌঁছায় তখন তাদের বাধা দেয় পুলিশ। ওই সময় মহাসভার কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহাসভার সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।