জামিন পেলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

মানহানির মামলায় জামিন পেয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাময়িক বরখাস্ত) তাপসী তাবাসসুম ঊর্মি। গতকাল বৃস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ ও আন্দোলনকে ‘বিশৃঙ্খলা’ বলাসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন তাপসী তাবাসসুম ঊমি। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে এ মানহানির মামলাটি করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মেহেদী হাসান পাটোয়ারী। বাদীপক্ষে ছিলেন আইনজীবী মো. খাদেমুল ইসলাম।

অ্যাডভোকেট খাদেমুল দেশ রূপান্তরকে বলেন, ‘শুনানিতে বলেছি, ‘সরকারের দায়িত্বশীল একটি পদে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও একটি সাংবিধানিক সরকারের বিরুদ্ধে কটু মন্তব্য করে উস্কানি দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করেছেন। তিনি জামিন পেতে পারেন না। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন দিয়েছে।’ তিনি আরও বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে আমরা একটি অধিকতর আবেদন করেছিলাম। আদালত সেটা নামঞ্জুর করেছে।

ফেসবুকে এক পোস্টে তাপসী তাবাসসুম শহীদ আবু সাঈদ ও ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা নিয়ে কটুক্তি করেন। আরেক পোস্টে তিনি সরকারের ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেন। এ ছাড়া সরকার প্রধান ড. ইউনূসকে নিয়েও কটুক্তি করেন তিনি। এ ঘটনায় গত ৬ অক্টোবর তাপসী তাবাসসুমকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করার পর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। সংশ্লিষ্ট আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তাপসী তাবাসসুমকে ২৮ নভেম্বর (গতকাল) আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় তিনি হাজির হন।