২৯ নভেম্বর গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১৯তম বার্ষিকী আজ শুক্রবার। ২০০৫ সালের এদিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হল রুমে জেএমবি জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা হামলায় ৯ জন মারা যান। এর মধ্যে চার আইনজীবী, চার বিচারপ্রার্থী ও হামলাকারী জঙ্গি নিহত হন। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরও একজন আইনজীবী মারা যান।
নৃশংস এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন। নিহত বিচার প্রার্থীরা হলেন আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতী জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, জেএমবির বোমা হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, শোকসভা, মিলাদ, দোয়া, তবারক বিতরণ। এ উপলক্ষে রবিবার গাজীপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরের সিনিয়র জেলা জজ বেগম শামীমা আফরোজ।