ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার্ভিস উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এ সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়েছে।
ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও একজন শিক্ষার্থী প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য দেন। পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন অফিসের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘সীমিত সামর্থ্য সত্ত্বেও শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হলো।’ এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।