ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানা থেকে জনগণকে যথাযথ সেবা দিয়ে কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র উল্লেখ করে ওসিদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, থানায় আগত সেবাপ্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পান, সেজন্য থানার ওসিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনেক সময় কোনো একটা বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যখন কেউ আইজিপির কাছে আসেন, তখন ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে শেষ পর্যন্ত ওসির কাছেই অভিযোগটি যায়। আপনারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সব পুলিশি কর্মকান্ডই হয়ে থাকে থানাকে কেন্দ্র করে। আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
পুলিশের ভাবমূর্তি সংকটের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনাদের কারও বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে। কারও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু কোনো অভিযোগ এলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
পুলিশ ও জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ডিএমপি কমিশনার বলেন, মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার আগে ব্যবস্থা নিতে পারবেন। এ ছাড়া যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে তাদের আশ্বস্ত করেন।