জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠান ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ বাগ্বিত-ার হয়। পরে ক্যাফেটেরিয়া-সংলগ্ন জাবির বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ভবনের পেছন থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
জানা যায়, জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির হোসাইনের উদ্যোগে ক্যাফেটেরিয়ায় সাবেক ও বর্তমান ছাত্রদলের ব্যানারে ‘দুপুরে ডাল-ভাতের দাওয়াত’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাবেক সভাপতি পারভেজ মল্লিকের গ্রুপকে ডাকা হয়নি। এতে তার গ্রুপের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। একপর্যায়ে দুই গ্রুপ বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে। পরে সাবেক নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
এ বিষয়ে তবে জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বোমাসদৃশ বস্তু পাওয়ার বিষয়টি নিরাপত্তা অফিস এবং আশুলিয়া থানা পুলিশকে অবহিত করি। পরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে বোমাসদৃশ বস্তুটি উদ্ধারের পর পানি দিয়ে নিষ্ক্রিয় করেন।’