ফিল্ডার হিসেবে গ্লেন ফিলিপসের নামডাক আছে আগে থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ক্রাইস্টচার্চ টেস্টে তিনি দুর্দান্ত এক ক্যাচ নিয়ে নামের প্রতি সুবিচার করলেন। তার সেই উড়ন্ত ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অবশ্য কিউইদের ৩৪৮ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৯ রান তুলে ফেলেছে সফকারী ইংল্যান্ড। সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন হ্যারি ব্রুক।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৫৩তম ওভারের ঘটনা। ততক্ষণে হ্যারি ব্রুক আর ওলি পোপ মিলে ১৮৮ বলে ১৫১ রানের জুটি গড়ে ফেলেছেন। এই জুটি ভাঙা তাই জরুরি হয়ে পড়েছিল। বোলার টিম সাউদির করা দ্বিতীয় বলটি ছিল শর্ট বল। ওলি পোপ সেটাকে কাট করতে গেলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ উঠে যায়। কিন্তু সেই ক্যাচ নেওয়া ফিলিপসের জন্য ভীষণ কঠিন ছিল। বলতে গেলে তার নাগালের অনেকটাই বাইরে। কিন্তু তখনই দেখা গেল জাদু।
ফিলিপস নিজের শরীরটাকে শূন্যে ছুড়ে দিলেন। হাওয়ায় ভাসতে ভাসতেই এক হাত দিয়ে বল জমালেন তালুতে। ফিলিপসের সতীর্থদেরও বিশ্বাস করতে সময় লেগেছে যে, সেটা একটা ক্যাচ ছিল! ৯৮ বলে ৮ চারে ৭৭ রানে ফেরেন ওলি পোপ। অবশ্য জুটি ভাঙলেও হ্যারি ব্রুক কিউইদের ওপর ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন। তার সঙ্গী হয়েছেন অধিনায়ক বেন স্টোকস। দুজনের অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যে ১৩০ বলে ৯৭ রান উঠেছে।