বালু ব্যবসার বিরোধের জেরে মুন্সীগঞ্জে চার বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তার হলেন—রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫)। এদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত মো. রাকিবুল জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বাবা বিএনপি কর্মী মনির হোসেন নয়াগাঁও মধ্যপাড়া গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে বালুর ব্যবসা করে আসছেন। সেখানে বালু সরবরাহের জন্য ধলেশ্বরীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন। এনিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের টকি মাদবরের ছেলে মানিক মাদবর ও ঈমানের বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুর ১২টার দিকে মানিক ও ঈমান ভাড়াটে লোকজন নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় প্রথমে তার চাচা হুমায়ুনকে ধারালো রামদা, কিরিচ ও ছোরা দিয়ে কোপাতে শুরু করে। এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, রক্তাক্ত জখম অবস্থায় ৪ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজন ও স্থানীয়রা। এদের মধ্যে গুরুতর ৩ জনকে ঢামেকে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।