ভারত

স্কুল ছুটি হলেই ডেলিভারি বয় হয়ে যান সরকারি শিক্ষক!

সরকারি স্কুলের শিক্ষক অমিত কুমার। সামান্য বেতনে চলছে না সংসার। শেষ পর্যন্ত একটি অনলাইন খাবার সংস্থায় ডেলিভারি বয়ের কাজ নিতে হয়েছে তাকে। ঘটনাটি ভারতের বিহারের ভাগলপুরের।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে,  ২০২২ সালে সরকারি স্কুলে শিক্ষকতার পরীক্ষায় পাশ করেন অমিত। সহকারী শিক্ষক হিসেবে ভাগলপুরের একটি স্কুলে যোগও দেন। মাসিক বেতন ৮০০০ রুপি। কিন্তু সরকারি চাকরি পেয়ে মুখে হাসি ফুটলেও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছিল তাকে। 

তার কথায়, আড়াই বছর ধরে একই বেতনে শিক্ষকতা করছি। অন্য শিক্ষকেরা মাসে ৪২ হাজার রুপি বেতন পাচ্ছেন, সেখানে আমার মতো সহকারী শিক্ষক মাত্র ৮ হাজার রুপিতে শিক্ষকতা করে চলেছি। শুধু তা-ই নয়, মাঝেমাঝে বেতনও ঠিকমতো পাচ্ছেন না বলে দাবি অমিতের।

তার ভাষ্য, এ বছরের শুরুতে চার মাস বেতন পাননি। ফলে সংসার চালাতে ধারদেনা করতে হয়েছে। সেই ধার কীভাবে শোধ করবেন, তা নিয়েই ক্রমে দুশ্চিন্তা বাড়ছিল। তখন তার স্ত্রী পরামর্শ দেন অনলাইন খাবার সংস্থায় ডেলিভারি বয়ের কাজ করলে কেমন হয়!

অমিতের কথায়, স্ত্রীর পরামর্শে নিজের নাম নথিভুক্ত করি অনলাইন খাবার সরবরাহকারী একটি সংস্থায়। বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত খাবার ডেলিভারি এজেন্টের কাজ করা শুরু করি।