উইন্ডিজে ওয়ানডেতেও খেলছেন না সাকিব

দেশে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য এই তিনটি শর্ত দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে দর কষাকষি করে সফল হতে পারেননি তিনি। বোর্ড কোনো সমাধান না দেওয়াতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। যে কারণে তাকে ছাড়াই স্কোয়াড অনুমোদন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

এতে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার যে শেষ, তার অনেকটাই আভাস মিলেছে। আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব শেখ হাসিনার সঙ্গে একটি হত্যা মামলার হুকুমের আসামি। শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। তিনি যেন বিদেশে টাকা পাচার করতে না পারেন সেজন্য সম্প্রতি সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিসিবির এক কর্মকর্তা দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিককে জানান, সভাপতিকে অনুরোধ করেছিলেন অন্তত ব্যাংক লেনদেন স্বাভাবিক করার পাশাপাশি দেশে খেলার সুযোগ করে দিতে। কিন্তু বিষয়টি যে বিসিবির হাতে নেই এবং চাইলেও সমাধান করা সম্ভব নয় সাকিব তা বুঝতে পারছেন না।

এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হলে ঐ দৈনিককে তিনি বলেন, ‘আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। সাকিব দেশে খেলতে পারে না, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন।’

তবে এসব কোনো বিষয় নয়। বিসিবি সাকিবের শর্ত পূরণ করতে পারবে না। ফলে বর্তমান বাস্তবতায় আর জাতীয় দলে খেলা হবে না বাঁহাতি অলরাউন্ডারের।