ঈশ্বরগঞ্জ

ইউনিয়ন পরিষদ থেকে লুট হওয়া ডালের বস্তা মিলল খোলা মাঠে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা  ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির লুট হওয়া ৩১ ডালের বস্তার মধ্যে ২৯টি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের কাছে খোলা মাঠে পাওয়া যায় বস্তাগুলো।

বিষয়টি নিশ্চিত করে আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম কিবরিয়া দেশ রূপান্তরকে জানান, ইউনিয়ন পরিষদ থেকে ডালের বস্তা লুট হওয়ার পর বৃহস্পতিবার দিনভর সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বাসা-বাড়ি এবং দোকানে অভিযান চালানো হয়। এ অবস্থায় শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠে ডালের বস্তা পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওইগুলো উদ্ধার করে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

মো. গোলাম কিবরিয়া বলেন, এই ঘটনার সাথে জড়িতরা বুঝতে পারে, তারা এগুলো হজম করতে পারবে না। তাই ভয়ে রাতের আঁধারে পরিষদের পাশে ডালের বস্তাগুলো ফেলে গেছে। উদ্ধারকৃত ডালের বস্তা আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে হস্তান্তর করা হবে।'

তিনি আরও বলেন, যে দুটি বস্তা উদ্ধার হয়নি ওইগুলো উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। 

এর আগে গত বুধবার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে লুটের এ ঘটনা ঘটে।

'ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে টিসিবির পণ্য লুট'__এই শিরোনামে শুক্রবার (২৯ নভেম্বর) দেশ রূপান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। দেশ রূপান্তরসহ  বিভিন্ন পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরে শুক্রবার সকালে ওই ইউনিয়ন পরিষদের পাশেই খোলা একটি মাঠ থেকে পুলিশ টিসিবির পণ্যগুলো  উদ্ধার করে।

উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়। 

পরে এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) থানায় লিখিত অভিযোগ দেন টিসিবি ডিলার মো. সোহাগ।