জাবিতে ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন 

আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শিত করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে একই স্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে সেটির একটা ছাপ আমরা এই অঞ্চলেও দেখতে পাই। এই অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে আমাদের ওপর ঝেঁকে বসেছে আমরা সে আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই। আমরা ফিলিস্তিনের সকল শিশু-যুবকের সাথে সুর মেলাতে চাই। ইসরায়েলের জায়নবাদ থেকে শুরু করে এই অঞ্চলে ভারতের আধিপত্যবাদ সবকিছু থেকে আমরা মুক্তি চাই। জুলাই অভ্যুত্থান থেকে শক্তি সঞ্চয় করে আমরা সকল আধিপত্যবাদকে রুখে দিতে চাই।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, জায়োনিজম হচ্ছে এক ধরণের জেনোসাইড। এই জেনোসাইডের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের, আরবদের ঐক্যবদ্ধ হতে হবে। হামাস, হিজবুল্লাহ, হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ইসলামিক রিপাবলিক অব ইরানও তাদের পাশে দাঁড়িয়েছে। একইভাবে আমরা চাই, সকল আরব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াক।