দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিপ্লবের মধ্য দিয়ে যখন একটি সরকার অপসারিত হয়, তারা কিন্তু সহজে ক্ষমতা ছাড়তে চায় না। এটার প্রমাণ আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে।

শুক্রবার (২৯ নভেম্বর) নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রুটিন সরকার নয়। এটা ছাত্র-জনতার মাধ্যমে গঠিত সরকার। দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছু চালিয়ে নেওয়ার জন্য ছাত্ররা আমাদের ওপর একটি দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশের মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে। চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এই কারণে যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। আপনারা আবেগকে ধরে রেখে তাদের উদ্দেশ্য সফল হতে দেননি।  

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এই মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাইন হোসেন, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ আহমেদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমন্বয়কগণ উপস্থিত ছিলেন। 

মত বিনিময়কালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান নেই। এদেশ অনেক ত্যাগ তিতিক্ষার ফলে তৈরি হয়েছে। আজ মানুষ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে নতুন দেশের সূচনা করেছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে যেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করলে আমরা কঠোর হাতে দমন করব। শহিদ পরিবার ও আহতদের সাথে নিয়ে বাংলাদেশ সংস্কারের কাজ যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।