কিংসের ৭ মোহামেডানের ৬

সাইফুর রহমান মনির অনুমানটাই সত্যি হলো। প্রবল প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের কাছে উড়ে গেছে তার দল চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৭তম আসরের প্রথম দিনে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা দুর্বল প্রতিপক্ষকে নিজ আঙিনা বসুন্ধরা কিংস অ্যারেনায় নাস্তানাবুদ করেছে ৭-০ গোলের বড় জয়ে। তাদের মতো বিশাল জয় পেয়েছে গতবারের রানার্স-আপ মোহামেডানও। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ ব্যবধানে হারিয়েছে তারা। মুন্সীগঞ্জে অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে। লিগের প্রথম দিনে হয়েছে মোট ১৬ গোল।

চরম আর্থিক সংকটে দলবদলে সবচেয়ে পিছিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। শেষ দিনে একঝাঁক দল না পাওয়া ফুটবলারকে নিয়ে কোনো মতে একটা স্কোয়াড দাঁড় করায় তারা। অনটন পিছু ছাড়েনি এখনো। তাই প্রাক-মৌসুম প্রস্তুতি নেওয়া হয়নি ঠিকঠাক। মাত্র চারদিনের অনুশীলন পুঁজি করে এক অসম লড়াইয়ে নামার আগে বড় হারের শঙ্কার কথা জানিয়েছিলেন দলটির কোচ মনি। বসুন্ধরা কিংসের কাছে শুরুর ম্যাচেই বড় হারে দলের আত্মবিশ্বাস মাটিতে মিশে যাওয়ার কথা বলেছিলেন। সেটিই হয়েছে। তার শিষ্যদের পাড়ার দলে পরিণত করে বসুন্ধরা শুরু করেছে হেক্সা মিশন। ফরাসি স্ট্রাইকার জারেদ খাসা ও রাকিব হোসেন করেছেন জোড়া গোল। এছাড়া একটি করে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম, ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা ও মজিবর রহমান জনি।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেন খাসা। তবে তাকে থালায় সাজিয়ে বলটি দিয়েছিলেন মিগেল। তার ডিফেন্সচেরা থ্রু পাস ডানপায়ের আলতো টোকায় চট্টগ্রাম আবাহনী কিপার নাঈমকে বোকা বানান ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ২১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম সহজ সুযোগ নষ্ট করেন ব্যবধান বাড়ানোর। খাসার থ্রু পাসে লক্ষ্যহীন প্লেসিং চলে যায় দূরের পোস্টের অনেক বাইরে। তবে দুই মিনিট পর ঠিকই লক্ষ্যভেদ করেন ফাহিম। এবারও মিগেলের অসাধারণ থ্রু পাস অফসাইড ফাঁদ ভেঙে আয়ত্তে নিয়ে একা পেয়ে যাওয়া নাঈমকে সুযোগ না দিয়ে বল লক্ষ্যে পৌঁছে দেন মৌসুমের প্রথম ম্যাচে গোল পাওয়া ফাহিম। ২৯ মিনিটে ৩-০ করেন মিগেল। ফাহিমের থ্রু ধরে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের প্লেসিংয়ে জালে দেখা পান দারুণ ছন্দে থাকা মিগেল। ৩৯ মিনিটে ডান দিক থেকে রাকিবের আড়াআড়ি পাসে ফাঁকায় দাঁড়ানো খাসা ডান পায়ের প্লেসিংয়ে দ্বিতীয় গোলের দেখা পান। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে ধীরগতি দেখা যায় কিংসের। তাই গোল পেতেও দেরি হয়েছে। ৭০ মিনিটে ডান দিক থেকে বদলি রিমন হোসেনের লো-ক্রসে গোলের আনুষ্ঠানিকতা সারেন মজিবর রহমান জনি। ৭৩ মিনিটে বাঁদিক থেকে ফাহিমের কাটব্যাকে নিখুঁত প্লেসিংয়ে গোলোৎসবে যোগ দেন রাকিব হোসেন। আর ম্যাচের ৮৪ মিনিটে বদলি রফিকুল ইসলামের বানিয়ে দেওয়া বল জালে জড়িয়ে গত লিগে দশ গোল করে সেরা হওয়া রাকিব দেন ফর্মে ফেরার ইঙ্গিত।

গাজীপুরে মোহামেডানের জয়ে বড় ভূমিকা ছিল মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের। মোহামেডানের ঘরের ছেলে করেছেন জোড়া গোল। আলফাজ আহমেদের দলের সামনে কোনো প্রতিরোধই নিজেদের মাঠে গড়তে পারেনি স্থানীয়দের নিয়ে খেলা ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ইমানুয়েল সানডে করেন প্রথম গোল। এরপর একে একে গোল করেন মিনহাজুর আবেদীন রাকিব, দিয়াবাতে, আর্নেস্ট বোয়েটাং ও বদলি সৌরভ দেওয়ান। মুন্সীগঞ্জে খর্ব শক্তির পুলিশকে স্বাগতিক ব্রাদার্স হারিয়েছে দুই গাম্বিয়ান ম্যাডি সিসে ও জাকারিয়া দারবোর গোলে। মানিক মোল্লার গোলটি কেবল পুলিশের হারের ব্যবধান কমিয়েছে।

আজ ঢাকা আবাহনী লিগ শুরু করবে ফকিরেরপুলের বিপক্ষ ম্যাচ দিয়ে। অপর ম্যাচে রহমতগঞ্জের প্রতিপক্ষ ফর্টিস এফসি।