ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাসপাতালে ৩৫৪

দেশে ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে ১৭০ জনের মৃত্যু হলো। চলতি বছর এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু এটি।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৮৬, দুই সিটি বাদ দিয়ে ঢাকা বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ৪১, চট্টগ্রাম বিভাগে ৩৮, খুলনা বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ৫, রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।