প্রেস ক্লাবে নজরুল ইসলাম

ফ্যাসিবাদ পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

ফ্যাসিবাদকে পরাজিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব নয়। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না।’

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইসকনকে ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, ‘এত বছর ধরে যে নির্যাতন, নিপীড়ন করেছে, তখন কোনো প্রতিবাদ করেনি। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা কেন করতে হবে? তারা এ দেশের মানুষ হয়ে ভারত সরকারের কাছে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। বাংলাদেশ কারও অধীনে নাকি যে ব্যবস্থা নেবে? আর ভারতও বিবৃতি দেয়। এই যে জুলাই-আগস্টে হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, এ নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো এ নিয়ে তো কোনো বিবৃতি নেই। একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক।’

গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আগের সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে নির্বাচনের নামে প্রহসন করেছে। একটি অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আলহাজ মোহাম্মাদ আজম খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি এনায়েত উল্লাহ হাফেজ্জি, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।