বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিনের মানুষ সবসময়ই সংকটের মধ্যে আছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি জনগণের প্রতি বিশেষ সমর্থন দিয়ে যাচ্ছে। সত্তরের দশকের শুরুর দিকে ১৯৭৩ সালে ফিলিস্তিনি জনগণের কাছে চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফিলিস্তিনের এক অকৃত্রিম বন্ধু।’
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আমরা ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদার শক্তির সাম্প্রতিক নৃশংসতাসহ সব বেআইনি ও যুদ্ধংদেহী পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। বিশ^ব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং দখলদারত্বের প্রতিবাদে আমাদের দেশের সব সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘গণহত্যাকারী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার এবং আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার করতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে।’
১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।