‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের প্রয়োজন’

‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের প্রয়োজন। কিন্তু দেশে যদি গণতন্ত্রের অবস্থা না থাকে, রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক ব্যবহার না করে তবে তো বিষয়টা চিকেন আর এগের মতো হয়ে গেল।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানম-ির ২৭ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ে অধ্যাপক রওনক জাহান এ কথাগুলো বলেন।

জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। ‘অধ্যাপক আব্দুর রাজ্জাক স্মরণানুষ্ঠানে’ অধ্যাপক আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণা করে স্বাগত বক্তব্যে অধ্যাপক রওনক জাহান বলেন, ‘আমরা আশা করি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, গণতন্ত্রকে সুসংগঠিত করবে। তবে ভালো রাজনৈতিক দল হতে হলে যদি গণতান্ত্রিক অবস্থা থাকতে হয় তাহলে গণতান্ত্রিক অবস্থাটা কে তৈরি করবে।’

সভায় আরও বক্তব্য দেন প্রকাশক ও লেখক মফিদুল হক, ইতিহাসবিদ ও সমাজচিন্তক বদরুদ্দীন উমর ও অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। বক্তারা অধ্যাপক আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণা করেন।

প্রকাশক ও লেখক মফিদুল হক বলেন, ‘অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে আমরা অনেক বর্ণনা করতে পারি তবে তিনি এই বর্ণনার বাইরে। আমার মনে হয় এই বর্ণনা মিলিয়ে মিলিয়ে আজকের প্রজন্ম স্যারকে জানতে পারবেন।’

অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘অধ্যাপক আব্দুর রাজ্জাক খুব কম লিখেছেন। তার আরও বেশি লেখা প্রয়োজন ছিল। আব্দুর রাজ্জাককে নিয়ে তরুণ প্রজন্মকে জানাতে হলে একটি বায়োপিক তৈরি করতে হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

অনুষ্ঠানে বেঙ্গল শিল্পালয়ের নিবেদনে তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অধ্যাপক আব্দুর রাজ্জাকের স্মরণে সংগীত পরিবেশনা করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।