কথা-কাটাকাটির জেরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, কুপিয়ে জখম

ধারালো অস্ত্রের আঘাতে খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

জানা যায়, গত বুধবার বেলা ১১ টার দিকে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে একটি সালিশে বসেন বোয়িং মোল্লা। সেখানে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট চলছিল। স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে তিনি সেখানে উপস্থিত হন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে অস্ত্রধারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুলনা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মনির উল গিয়াস বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ আটকও নেই। তবে হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।