আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার শপথ অনুষ্ঠান ও অভিষেকের আগেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চান তিনি।
শুক্রবার (২৯ নভেম্বর) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান গ্রাহাম।
সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, 'ট্রাম্প গাজায় জিম্মিদের মুক্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি চান, বিশেষ করে তার শপথ গ্রহণের আগেই যুদ্ধবিরতি চান তিনি।'
চলতি সপ্তাহে ইসরায়েল সফর করেছেন গ্রাহাম। সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য শনিবার হামাসের একটি প্রতিনিধিদল কায়রো সফর করার কথা রয়েছে।
অ্যাক্সিওস জানায়, গাজায় এখনও ১০১ জন জিম্মি রয়েছে হামাসের হাতে, যার মধ্যে সাত আমেরিকান নাগরিক রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিশ্বাস, জিম্মিদের প্রায় অর্ধেক এখনও জীবিত রয়েছে।
সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘ট্রাম্প গাজায় থাকা জিম্মিদের মুক্তি দিতে আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ এবং সেখানে একটি যুদ্ধবিরতিকে তিনি সমর্থন করেন যেটাতে জিম্মি চুক্তি রয়েছে। তিনি এখন গাজাতে যুদ্ধবিরতি ঘটতে দেখতে চান।"
তিনি আরও বলেন, আমি চাই ইসরায়েল এবং অঞ্চলের মানুষ জানুক যে ট্রাম্প জিম্মি ইস্যুতে মনোনিবেশ করেছেন। তিনি চান হত্যা বন্ধ হোক এবং লড়াই শেষ হোক। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেন প্রশাসন জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকরে একসাথে কাজ করবে।"
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়েছে। এরপর থেকে গাজা যুদ্ধ বন্ধে মনোনিবেশ করছে যুক্তরাষ্ট্র।