মাত্র ২৮ বছর বয়সেই ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন থেকে আলিয়া ভাটসহ বলিউডের তাবড় তাবড় সব অভিনেত্রীদের নাকি পিছনে ফেলে দিয়েছেন রশ্মিকা মন্দন্না? অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা তার প্রশংসায় পঞ্চমুখ। দক্ষিণী ছবি হোক বা বলিউড সব কিছুতেই মাতিয়ে রাখা এই অভিনেত্রী নাকি বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী নায়িকা?
'পুষ্পা ২: দ্য রুল' -এর অভিনেত্রী রশ্মিকা মন্দন্না বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেত্রীদের ছাড়িয়ে নাকি ভারতের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহলের শেষ নেই।
রশ্মিকা মন্দন্না সম্প্রতি তার নতুন ছবির প্রচারের জন্য গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে তিনি তার আসন্ন সিনেমা 'পুষ্পা ২: দ্য রুল' নিয়ে কথা বলেছেন। পাশাপাশি নায়িকা তার পারিশ্রমিক নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছিল তা নিয়েও মুখ খোলেন। তার মতে এটি আসলে গুজব।
তবে এই অনুষ্ঠানে'পুষ্পা ২: দ্য রুল' -এর নায়ক আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার উপস্থিতি থাকতে পারেননি। 'পুষ্পা ২: দ্য রুল' -এর চূড়ান্ত সম্পাদনা নিয়ে ব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারেনি।
'পুষ্পা ২: দ্য রুল' হল ২০২১ সালের ব্লকবাস্টার হিট 'পুষ্পা: দ্য রাইজ'- এর একটি বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। সুকুমার পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।