প্রেস সচিব

রাষ্ট্র মেরামত না করে গেলে এই জেনারেশন কাঠগড়ায় দাঁড় করাবে

রাষ্ট্রের মেরামত না করে গেলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ১/১১’র নায়ক ও তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এবং সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন উদ্দিন আহমেদ তাদের দায়িত্বকালীন কোনো সংস্কার না করেই চলে গেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার এমনটা করবে না। এ সরকারকে ভালোভাবে রিফর্ম না করে ছাড়া যাবে না।

শনিবার (৩০ নভেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) কর্তৃক বাংলাদেশ ২.০ সংস্কার প্রস্তাব শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রয়োজনে জেলে গিয়ে পচে মরতে চাই। তাও আমরা চাই এখানে একটা ভালো রিফর্ম হোক। যদি কোনও মেরামতের কাজ না করেই চলে যাই, তাহলে এই জেনারেশন আমাদের একদিন কাঠগড়ায় দাঁড় করাবে। আর বলবে যে তোমরা কিছুই করো নাই। এই রাষ্ট্র মেরামতের জন্য পলিটিক্যাল পার্টির পাশাপাশি সব সেক্টরের অংশগ্রহণ প্রয়োজন।

প্রেস সচিব বলেন, বর্তমানে বাংলাদেশে এমন এক প্রত্যাশা তৈরি হয়েছে, যার বিপরীতে আমাদের ইতিহাস একদমই উল্টো। আমাদের ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৭১ সালের পর পুরো একটা ডিকেড আমরা পতনের রাজনীতি করেছি। খুব সিরিয়াস আলাপগুলো এই দেশে হয় নাই। মোট কথা পুরো ৭০ এর দশক দেখলে দেখা যায়, এটা শুধু খুনোখুনির দশক ছিল। সেটা ছিল পতনের রাজনীতি। সে সময় রাজনৈতিক কোনো সংস্কারের কথাই ছিল না। পরবর্তী দশকে এসে জিয়াউর রহমান একধরনের রিফর্ম বা ডিসিপ্লিন তৈরি করলেন। উনার পরিকল্পনা ছিল অন্য রকম, আধুনিক বাংলাদেশের যে সব ইন্সটিটিউশনগুলো আছে সেগুলো তার সময় তৈরি করা।

সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমেরিকা পারলেও আমরা কিন্তু একটি রিফর্ম প্রসেসে এগোতে পারছি না। কিন্তু অন্তর্বর্তী সরকার এই রিফর্মটাকে যেভাবে ফ্যাসিলিটেড করছে সেখানে আমরা শুধু চাই সবার মাঝে সততা ও বাস্তব সম্মত আলোচনা। যার মাধ্যমে কোনটা আমরা শর্ট টাইমের মধ্যে করতে পারব, আর কোনটা লং টার্মের মাধ্যমে করতে পারব সেগুলো যেন ঠিক হয়। আমরা যে ছয়টা সংস্কার কমিশন করেছি তা নতুন বাংলাদেশ করার লক্ষ্যে।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজাজ্জের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণঅধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ।