হিলিতে কনকনে শীত, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গত কয়েকদিন ধরেই বেশ শীত পড়ছে। ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা, সাথে হিমেল বাতাস শীতের মাত্রা আরো বাড়িয়ে তুলছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া লোকজন।

হিলিতে কয়েকদিন ধরে সকালের পর সূর্য উঠছে। আবার বিকেলের পর থেকে ঝরছে কুয়াশা। কুয়াশার কারণে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা যাচ্ছে। অন্যদিকে দিনে গরম রাতে ও সকালে ঠাণ্ডা— এমন আবহাওয়ায় অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন ছিন্নমূল লোকজন। 

ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ শীত বেশি লাগছে। যে পরিমাণ কুয়াশা পড়ছে তাতে ভ্যান চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শীতের কারণে হাত-পা সব জমে যাচ্ছে। জ্বর, সর্দি, কাশি লেগেই আছে।

পথচারী আব্দুর রাজ্জাক বলেন, আজ শীতের মাত্রা একটু বেশি। কুয়াশাও অন্যদিনের চেয়ে বেশি। আমাদের অঞ্চলে আগেই শীত নামছে। মাত্রাও বেশি।

পথচারী মর্জিনা বেগম বলেন, ভোর রাত থেকে সকাল পর্যন্ত এমন কুয়াশা হচ্ছে যে ৫ হাত দূরে দেখা যাচ্ছে না। শীতের কারণে আমাদের মত বয়স্ক মানুষদের চলাফেরা সমস্যা হয়ে গেছে। এখন খড়ির যা দাম তাতে খড়ি কিনে রান্না করাও সম্ভব নয়। বাধ্য হয়ে শীতের মধ্যে পাতা কুড়াতে এসেছি। এছাড়া তো কিছু করার নেই।

আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর অঞ্চলে দিন দিন তাপমাত্রা কমছে। গতকাল দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ আরো কমে সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ ভাগ, গড় গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।