যুক্তরাষ্ট্রের একটি পেট্রোল পাম্পে ভারতীয় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির শিকাগোর ইউএস সিটিতে স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। নিহত ২২ বছর বয়সী সাই তেজা নুকারাপু ভারতের তেলেঙ্গানার বাসিন্দা। খবর এনডিটিভির।
পুলিশ সূত্রে খবর, এমবিএ করছিলেন তেজা। স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য কয়েক মাস আগেই পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। শিকাগোয় থাকতেন। সেখানে পড়াশোনা করছিলেন। পড়াশোনার খরচ জোগাতে আংশিক সময়ের জন্য একটি পেট্রল পাম্পে কাজ শুরু করেন।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৬টা নাগাদ পেট্রল পাম্পে এসেছিলেন তেজা। তার এক সহকর্মী অনুরোধ করেন বিশেষ কাজ রয়েছে তাই তাকে যেতে হবে। ফলে সেই সহকর্মীর বাকি দায়িত্ব সামলাচ্ছিলেন তেজা।
সেই সময় বন্দুকধারীরা পেট্রল পাম্পে আসে। জোর করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কাউন্টার থেকে। পেট্রল পাম্পের অন্য কর্মীরা বন্দুকধারীদের হাতে টাকার বাক্স তুলে দেন। কাছেই দাঁড়িয়ে ছিলেন তেজা। যাওয়ার সময় তেজাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতেই মৃত্যু হয় তেজার।