মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত র্যালিতে দফায় দফায় বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়ায় নেতার সামনে দাঁড়ানো নিয়ে বিএনপি ও যুবদলের দুইপক্ষের সমর্থকদের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে সেটি হাতাহাতিতে গড়ায়। পরবর্তীতে র্যালি শুরু হলে বিবি রোডে আবারও যুবদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেলে শহরের মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারী সমিতি ভবনের সামনে র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে বন্দর থেকে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদের নেতৃত্বে একটি মিছিল এসে সমাবেশস্থলে উপস্থিত হয়। এ সময় তারা পূর্বের অবস্থান নিয়ে থাকা নেতাদের সরিয়ে নিজেরা সামনের জায়গা দখল নেন। পরবর্তীতে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদের নেতৃত্বে আরও একটি বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছে শাহেন শাহ’র লোকদের সরিয়ে সজল এবং শাহেদকে সামনে এগিয়ে দেন তাদের অনুসারীরা। এ সময় র্যালির শুরুর জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেনের বক্তব্য চলাকালে সজল ও শাহেদের অনুসারীদের সঙ্গে বন্দর থেকে আসা যুবদলের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় সাখাওয়াত হোসেন খান সবাইকে থামান। এর মাঝেই মিছিল নিয়ে আসেন মাজহারুল ইসলাম জোসেফ। পরিস্থিতি বিশৃঙ্খল হচ্ছে দেখে সাখাওয়াত হোসেন, আবু আল ইউসুফ খান টিপু দ্রুত র্যালি শুরু করে দিলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে র্যালিটি বিবি রোডের জাকির সুপার মার্কেটের কাছে পৌঁছলে যুবদলের কিছু সমর্থক মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেন। এ সময় জোসেফের অনুসারীরা তাদের বেদম পিটুনি দিলে যুবদলের মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে জখম হন। এ সময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু আহত মাসুম নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এসে অবস্থান নিয়ে পুনরায় জোসেফকে আক্রমণ করার চেষ্টা করলে দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও আবু আল ইউসুফ খান টিপুসহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ জানান, আমরা তো সামনের দিকে ছিলাম। দাঁড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতাকর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতাকর্মীর মধ্যে বাকবিতন্ডার জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।
মহানগর যুবদলের নেতা মাজাহারুল ইসলাম জোসেফ জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।